সোনারগাঁওয়ে র্যাব-১১ এর অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। একই দিনে পৃথক আরেকটি অভিযানে রূপগঞ্জ এলাকা থেকে পিস্তলের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোররাত সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,সুজন মোল্লা (২১), পিতা মৃত ওয়াদুদ মোল্লা, বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ভন্ডবাসা গ্রামে এবং জাবেদ (৩৫), পিতা মৃত নাসির উদ্দিন, বাড়ি সোনারগাঁও উপজেলার বাসটেকি এলাকায়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এদিকে, একইদিন রাত ২টার দিকে রূপগঞ্জ উপজেলার মাসুমপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম উল হক (বিসিজিএম) বলেন,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। যেকোনো অপরাধ দমনে র্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
ভোরের আকাশ/এনউব