বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

বিয়ের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুবাইপ্রবাসী প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তার হাতে বিষের বোতল ছিল বলে জানা গেছে। পরে স্থানীয় সর্দার-মাতব্বররা বোতলটি সরিয়ে নেন। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করেন ওই তরুণী।
লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকাকালে দুই বছর এবং দুবাই যাওয়ার পরও আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। তবে দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন লায়লা।
লায়লার বাবা শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করার পর অস্বীকৃতি জানানোয় আমার মেয়ে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা ছেলেপক্ষের সঙ্গে কথা বললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।’
অন্যদিকে আমিনের বড় ভাই আজমল খান তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে আমিন বর্তমানে বিয়েতে সম্মতি দিচ্ছে না।’ লায়লার সঙ্গে বিষের বোতল থাকার বিষয়টিও স্বীকার করেন আজমল খান। তিনি জানান, স্থানীয় সর্দাররা বোতলটি সরিয়ে নিয়েছেন। আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান বিষয়টি দেখছেন। অনশন বা প্রেমসংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পেলে সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার (১২ আগস্ট) পর্যন্ত এ ঘটনায় নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা