হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ২১

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের উপস্থিতিতে ১১-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিএনপির একটি অফিস, বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি।
গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে এ ধাওয়া-পাল্টা ধাওয়া। আহতদের মধ্যে আছেন বিএনপি কর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব, লুবনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এ সময় তিনি এলাকার নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন।
পরে প্রকল্পে মানুষের উদ্দেশ্য ও বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন হান্নান মাসউদ। বক্তব্য শেষে ফেরার পথে প্রকল্প বাজারে বিএনপির লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় বিএনপির অফিস, দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে নিজের নেতা-কর্মীদের নিয়ে সড়কে বসে কিছুক্ষণ অবস্থান নেন মাসউদ।
এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘আমি প্রকল্প বাজারে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখে আসার পথে স্থানীয় বেলাল ডাকাতের নেতৃত্বে তার গাড়িবহরের পেছন থেকে হামলা করা হয়েছে।
বেলাল ডাকাত আগে আওয়ামী লীগ ছিল, এখন সে বিএনপি করে। এ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। আর চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রকল্পে মাসউদ উচ্ছৃঙ্খল বক্তব্য দেন।
এমন বক্তব্যের পর তার দলের নেতা-কর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির অফিস ভাঙচুর করে। পরে তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করে।
এসময় হান্নানের লোকজন স্থানীয়দের এলোপাতাড়ি মারধর শুরু করলে বিএনপির কয়েকজন নেতা-কর্মী এগিয়ে গিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করে হামলার শিকার হন হেলাল নামে আমাদের এক কর্মী।
পরে হান্নানের লোকজনের দফায় দফায় হামলায় আমাদের নেতা-কর্মীসহ অন্তত ১২ জন আহত হন। এদিকে ঘটনার বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোরের আকাশ/নি. ব