ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যানবাহন নদীতে, ৩ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের ডুবুরি দল। এর আগে ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ধলেশ্বরীর মাঝ নদীতে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।
স্থানীয়দের ভাষ্য- নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ পানিতে পড়ে যায়।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে গেলে পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রয়েছে। যদি আরও কেউ নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়, তাহলে রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি অভিযান শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও শুরু করা হবে।
ভোরের আকাশ/মো.আ.