চরফ্যাশনে রাস্তায় রোপনকৃত গাছ কেটে ফেলার অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলায় সামাজিক উদ্যোগে রোপণ করা প্রায় দুই হাজার গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জিডি সূত্রে জানা যায়, “সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা”-এর সভাপতি মো. ফরিদ কর্মসূত্রে ঢাকায় অবস্থান করলেও সংস্থার উদ্যোগে তিনি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। এর অংশ হিসেবে গতবছরের (২০২৫) ২৭ জুলাই ৩ নম্বর ওয়ার্ডে এবং ২০ অক্টোবর ৪ নম্বর ওয়ার্ডে প্রায় ২ হাজার গাছ রোপণ করা হয়।
পরবর্তীতে ২০২৬ সালের ১৭ মার্চ এলাকায় এসে সরেজমিনে পরিদর্শন করে তিনি দেখতে পান, রাস্তার পাশবর্তী কিছু জমির মালিক পূর্বপরিকল্পিতভাবে গাছগুলো কেটে ও উপড়ে ফেলেছে। এতে অধিকাংশ গাছই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে এই ক্ষতিসাধন করেছে। এতে সংস্থার ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশেরও অপূরণীয় ক্ষতি হয়েছে।
বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল না পাওয়ায় তিনি বাধ্য হয়ে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, যা প্রকল্পটির বাস্তবতা ও গুরুত্ব তুলে ধরে।
এ বিষয়ে চরফ্যাশন থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংস্থার পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই