ব্রহ্মপুত্র পাড়ে জুয়ার আসর: পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচাচর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে তাবু টানিয়ে বসানো হয়েছিল জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ১৫ জন জুয়াড়ি ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উচাখিলা ইউনিয়নের মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় নগদ অর্থ, জুয়ার বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
একই রাতে রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে পৃথক আরেকটি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় এলাকায় মাদক ও ক্যাসিনো নির্মূলে জোরদার অভিযান চলছে। এর অংশ হিসেবে থানার ওসি রবিউল আজম গত দেড় মাস ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন, যা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এনেছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, “মাদক ও ক্যাসিনোমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুই অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করে জুয়া ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/এনউব