মেঘনায় যাত্রীবাহী স্পিডবোট ডুবি, ২৮ জন জীবিত উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে তলা ফেটে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে স্পিডবোটটি নলচিরা ঘাটের কাছাকাছি বৌ বাজার এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে পড়ে। এতে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। তাৎক্ষণিক চালক বোটকে একপাশ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে ২৮ জন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় সাঁতার কেটে তীরে উঠে আসে।
জীবিত উদ্ধার হওয়া যাত্রী নাহেদুল ইসলাম ফয়সাল বলেন, ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বউবাজার এলাকায় পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠে আসে।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ