হিলমিলি খালে ভাঙন
সাতকানিয়ায় টেকসই বাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ নং আমিলাইষ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের কুড়ালিয়া খাল (স্থানীয়ভাবে হিলমিলি খাল) পুনঃখননের কারণে রাস্তাঘাট ও বসতবাড়ি ভেঙে যাওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকালে খালের পাশের প্রধান সড়কে শতাধিক মানুষ অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, পুনঃখননের সময় খালের দুই পাশে কোনো সুরক্ষা বাঁধ না থাকায় স্থানীয়দের বসতবাড়ি ও রাস্তাঘাট ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মানববন্ধনে তারা বলেন, “খাল খনন আমরাও চাই, কিন্তু মানুষের ঘরবাড়ি ও রাস্তা ধ্বংস করে নয়। অবিলম্বে খালের দুই পাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, স্লুইস গেইট স্থাপনসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।”
ভোরের আকাশ/মো.আ.