চাঁদপুরে সুদের টাকা নিয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শাহনাজ বেগম পাখি (৩৮) নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুদকারবারি নাছিমা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৃহবধূর মা হাজেরা বেগম বাদী হয়ে নাছিমাসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
গৃহবধূর স্বামী আমিন খান জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ খবর পান তার স্ত্রীর গায়ে আগুন লেগেছে। দ্রুত বাড়ি গিয়ে তিনি দেখেন স্ত্রী পাশের ডোবার পানিতে পড়ে আছে। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। রাতেই চাঁদপুর থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
আমিন আরও জানান, প্রতিবেশী প্রবাসী ফয়েজ আহমেদের স্ত্রী নাছিমার কাছ থেকে সুদে টাকা নেওয়া ও পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও নাছিমা একাধিকবার তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে।
প্রতিবেশীরা জানান, টাকার লেনদেন নিয়ে এর আগেও নাছিমা ও পাখির মধ্যে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। নাছিমা শুধু পাখির সাথেই নয়, আরও অনেকের সাথে সুদের টাকার বিরোধে জড়িত। এর আগে পাখির বাড়িতে ইটপাটকেল ছোড়া ও হামলার ঘটনাও ঘটেছে। নাছিমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধনও করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে টাকার লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত নাছিমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
ভোরের আকাশ/হ.র