যশোরে ভিডিপির তৎপরতায় দীর্ঘদিনের পলাতক আসামি আটক

যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা আদালতে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আনসার-ভিডিপির দলনেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ও ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালে ভিডিপি দলনেতারা আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই আসামির অবস্থান সম্পর্কে তথ্য পান। তার বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তবে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।
পরে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিডিপি দলনেতারা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে আত্মগোপনে থাকা আসামির অবস্থান শনাক্ত করেন। এরপর তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে আদালতে পাঠায়।
গ্রেপ্তার আসামি মো. হান্নান সরদার। তিনি কেশবপুর উপজেলার সরসকাঠি ইউনিয়নের বরণডালি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
আসামিকে শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাগরদাঁড়ি ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. আলী হোসেন ও সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন।
আসামি শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরের ঘটনায় ভিডিপি দলনেতাদের দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন স্থানীয়রা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে জনশৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
ভোরের আকাশ/জেআ