জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা।
মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান সুদক্ষ পরিকল্পনা ও কঠোর তদারকিতে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে ।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা প্রদানের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলা আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। এই অসামান্য অর্জনে ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বালিয়াকান্দির সর্বস্তরের নাগরিক।
স্থানীয়রা বলেন, চৌধুরী মুস্তাফিজুর রহমান তার কর্মদক্ষতা এবং জনবান্ধব প্রশাসনিক পদক্ষেপ এর নজির স্থাপন করেছে। বিভাগীয় এই সম্মান অর্জন বালিয়াকান্দি উপজেলার প্রতিটি মানুষের জন্য একটি বড় প্রাপ্তি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সবসময় চেষ্টা করি আমার দায়িত্ব যথাযথ পালনের।
এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে আমি সকলের দোয়া সহযোগিতা কামনা করি।
ভোরের আকাশ/ র.ই