কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম (মানু)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব মো. শফিকুল ইসলাম (শফিক) এর সঞ্চালনায় আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাদিমুল ইসলাম, ক্রীড়া সংগঠক মো. মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আকবর এবং কালীগঞ্জ বাজারের সেবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলহাজ ফারুক আহমেদ। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুন্না হোসেন।
ফাইনালে পুবাইল বাজার একাদশ ও ভাই ব্রাদার্স একাদশের মধ্যে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুবাইল বাজার একাদশ। অন্যদিকে রানার্সআপ হয় ভাই ব্রাদার্স একাদশ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশের হাতে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ ভাই ব্রাদার্স একাদশের হাতে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব