কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে সাঁতরে পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে পার হয়ে চরে পাট কাটতে যাওয়ার সময় পানির স্রোতে তলিয়ে লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মণ্ডল ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন লিয়াকত মণ্ডল। মাঝপথে প্রবল স্রোতের কারণে হাঁড়ির ভেতরে পানি ঢুকে সেটি ডুবে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে নদীর পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল জানান, খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা জাল দিয়ে অনেকক্ষণ ধরে নদীতে খোঁজাখুঁজি করেছেন। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযানের প্রস্তুতি নেয়।
চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন, “রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হবে।”
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।”
ভোরের আকাশ/এনউব