নারায়ণগঞ্জ
কলেজ শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

নারায়ণগঞ্জে এক কলেজশিক্ষককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শহরের পূর্ব ইসদাইর এলাকায় রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফারজানা আফরোজ নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক।
তিনি জানান, সকালে ছেলে মোবাশ্বির হককে অক্টো অফিস এলাকার ব্রাইট স্কলার মাদ্রাসাতুল ওহিতে পৌঁছে দিয়ে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পূর্ব ইসদাইর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।
তিনি আরও বলেন, মোটরসাইকেল থেকে নেমে দুই ছিনতাইকারী চাপাতি গলায় ধরে হত্যার হুমকি দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা একটি মুঠোফোন, একটি পার্স এবং প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর আগে ছিনতাইকারীদের হামলায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হন এবং ৯ মার্চ শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এক সহকারী উপপরিদর্শকের ওপর হামলা চালিয়ে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
ভোরের আকাশ/ র.ই