চট্টগ্রাম বন্দরে বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রম শুরু

চট্টগ্রাম বন্দরে যানবাহনের জন্য বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রম চালু করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বন্দরের ওভার-ফ্লো ইয়ার্ডে নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং পরিবহন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর একটি গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএস অনুসরণকারী প্রতিষ্ঠান। দেশের প্রায় ৯০ শতাংশের বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে বন্দরের কার্যক্রমে গতি, নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন ডিজিটাল ও আধুনিকায়ন উদ্যোগ গ্রহণ করছে।
এরই অংশ হিসেবে আগে থেকেই টার্মিনাল অপারেটিং সিস্টেম (TOS) অ্যাপসের মাধ্যমে অনলাইনে গেট পাস ইস্যুর ব্যবস্থা চালু ছিল। তবে অনেক সময় দূর-দূরান্ত থেকে আসা চালক ও সহকারীরা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনলাইনে পাস সংগ্রহ করতে সমস্যায় পড়তেন। এতে বন্দরে প্রবেশে বিলম্ব এবং জটিলতা তৈরি হতো।
এছাড়া গেটের আশপাশে যানবাহন দাঁড় করিয়ে পাস সংগ্রহ করার কারণে প্রায়ই যানজট তৈরি হতো, যা আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত করছিল।
এই পরিস্থিতি মোকাবিলায় বন্দরের পাঁচটি গেটে কনটেইনার বক্স স্থাপন করে বুথভিত্তিক গেট পাস সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি গেট পাস ইস্যু করা যাবে, ফলে চালকদের ভোগান্তি কমবে এবং গেট এলাকায় যান চলাচল আরও সহজ হবে।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অপারেশনাল কার্যক্রমকে আরও দ্রুত, নিরাপদ এবং বাধাহীন করা। এতে বন্দরের দৈনন্দিন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই