তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের সভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত তিনি সেখানে উপস্থিত হননি।
দলীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষে এখনো তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেননি। তবে সময়ের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় উপস্থিতির সংখ্যা আরও বাড়ছে।
বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনো জনসভাস্থলে আসছেন। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করেই নেতাকর্মীদের ঢল নামছে জনসভাস্থলে, যেখানে নারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য।
এর আগে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এছাড়া সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
ভোরের আকাশ/এনএস