ঝালকাঠিতে স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামী নিহত

ঝালকাঠির কাঠালিয়ায় হাতুড়ি ও শাবলের আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ আউড়া গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী। কাঠালিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে। পলাশ ও লিজার চার বছর বয়সী জিয়ান এবং দুই মাস বয়সী রুকাইয়া নামে দুটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে পলাশ তাঁর দ্বিতীয় স্ত্রী লিজাকে নিয়ে কাঠালিয়ার দক্ষিণ আউড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি পলাশকে না জানিয়ে লিজা যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে ঋণ গ্রহণ করেন।
এ বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পলাশের চাচাতো ভাই মিরাজুল ইসলাম বাদী হয়ে শুক্রবার কাঠালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ইসরাত জাহান লিজাকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে পুলিশ লিজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তাঁর কোলে দুই মাস বয়সী রুকাইয়া এবং পাশে চার বছর বয়সী জিয়ানকে দেখা যায়। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, ‘ইসরাত জাহান লিজাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে দুটি শিশু সন্তান রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ভোরের আকাশ/এসএইচ