রায়পুরে রড-হাতুড়ি দিয়ে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুরের রায়পুরে রড, হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে সবুজ (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বপন কন্ট্রাক্টর ও সিরাজসহ ৫-৬ জনের বিরুদ্ধে।
এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ৩৭ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র খোয়া যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। আহত ব্যবসায়ীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ৩ নম্বর চর মোহনা ইউনিয়নের ভুঁইয়ার ঘাটা এলাকার মিজিগো স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত সবুজ মিতালী বাজার এলাকার রড, সিমেন্ট ও বালুর ব্যবসায়ী। পাশাপাশি তিনি বিকাশ এজেন্ট হিসেবেও ব্যবসা করেন। অভিযুক্ত স্বপন কন্ট্রাক্টর একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির শাহাজাহানের ছেলে। অপর অভিযুক্ত সিরাজ একই এলাকার হেদায়েত উল্লাহর ছেলে বলে জানা গেছে।
আহত ব্যবসায়ী সবুজের অভিযোগ, ঘটনার সময় অভিযুক্তরা রড, হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর চোখ, পিঠ, গলা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
সবুজের দাবি, ঘটনার আগে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। হামলার পর তাঁর কাছে থাকা ১ লাখ ৩৭ হাজার টাকা খুঁজে পাচ্ছেন না তিনি। এ ছাড়া তাঁর ড্রাইভিং লাইসেন্স, মানিব্যাগ ও জরুরি কাগজপত্রও নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে সরেজমিনে গেলে অভিযুক্ত স্বপন কন্ট্রাক্টরসহ অন্যদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী সবুজ জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ভোরের আকাশ/ এনউব