সাপের দংশনে হাসপাতালে বৃদ্ধা, সঙ্গে আনা হলো মৃত গোখরা

ফেনী মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর গ্রামে সাপের দংশনের শিকার হয়ে ছকিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। চিকিৎসকরা বিষধর গোখরা সাপের কাটা বলে শনাক্ত করেন। বর্তমানে সাপের দংশনের শিকার ৭০ বছর বয়সী ছকিনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে গৃহস্থালি কাজ করার সময় ছকিনা বেগম একটি কালো রঙের সাপ দেখতে পান। সাপটি তাকে দংশন করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তার স্বামী জাফর আহমদ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
হাসপাতালের জরুরি বিভাগে ব্যাগ থেকে মৃত সাপটি বের করে দেখার পর চিকিৎসকেরা সেটিকে বিষধর গোখরা সাপ হিসেবে শনাক্ত করেন। সাপের ধরন নিশ্চিত হওয়ায় দংশনের পরবর্তী চিকিৎসার ক্ষেত্রেও বিষয়টি চিকিৎসকদের জন্য সহায়ক হয়েছে।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, সাপের দংশনে আহত ছকিনা বেগমকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে বিষক্রিয়ার স্পষ্ট কোনো লক্ষণ দেখা না গেলেও প্রয়োজন হলে নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরও জানান, সাপটি সঙ্গে নিয়ে আসায় চিকিৎসকেরা সাপটির ধরন সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন, যা চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভোরের আকাশ/সু.পা