মেহেরপুরে তিনজনের কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
জরিমানা অনাদায়ে তাদেরকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক(টোটন)।
সাজাপ্রাপ্ত আসামী হলেন মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৩৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোহাম্মদ এলাহি ছেলে তহিদুল ইসলাম (৪২) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মোকলেস এর ছেলে আরাফাত রহমান (২০)। আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন চাইলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মেহেরপুর সদর থানার জিআর নং- ২৫১/২৪, STC নং-১৫/২৫।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভোরের আকাশ/রই