আড়াইহাজারে মাথাবিহীন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর শ্রীনিবাসদী এলাকার একটি চকের ভেতর থেকে মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা চকের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে আড়াইহাজার থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, উদ্ধারকৃত মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি মাথাবিহীন অবস্থায় পাওয়া যায়, যা স্পষ্টভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
তিনি বলেন, সকালে অজ্ঞাত এই ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্পষ্টভাবেই ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, নিহতের পরিচয় এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ আছে কি না তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ