মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শ্রীপুরে লাজ ফার্মাকে জরিমানা
গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি করার অভিযোগে লাজ ফার্মা ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৪ আগস্ট) বিকালে উপজেলার মাওনা চৌরাস্তায় লাজ ফার্মার মাওনা শাখায় ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।
নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় লাজ ফার্মাকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তি প্রদান করা হবে বলেও সতর্ক করে ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ সময় অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের গাজীপুর জেলার ড্রাগ সুপার তানজিলা আফরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল বারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় মোট ৪ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৬৭ হাজার টাকা। ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ এর ৪০ (খ), ৪০(গ), ৪০(ঘ) নং ধারা ভঙ্গের দায়ের প্রতিষ্ঠান গুলোকে জরিমানা আদায় করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ