মান্দায় ডাকবাংলো নির্মাণে সম্ভাব্য স্থান চূড়ান্তের পথে

নওগাঁর প্রসাদপুরে উপজেলা ডাকবাংলো নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর বাজারের নিমতুলীর মোড়ে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা ডাকবাংলো নির্মাণের জন্য স্থানটি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনকালে প্রস্তাবিত স্থানের সার্বিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং ডাকবাংলো নির্মাণের উপযোগিতা নিয়ে সংশ্লিষ্টরা মতবিনিময় করেন। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় দিকগুলোও পর্যালোচনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা ডাকবাংলো নির্মিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারি কর্মকর্তা, অতিথি ও সেবাগ্রহীতাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হবে।
উপস্থিত কর্মকর্তারা জানান, প্রস্তাবিত স্থানটি চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ