আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমা

লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া মোনাজাত চলে ১১টা ২০ মিনিট পর্যন্ত। এতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং সবার গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের বিশিষ্ট মুরুব্বি ও তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় আলেম মাওলানা মনির বিন ইউসুফ।
মোনাজাত শুরু হওয়ার পরপরই ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইজতেমা ময়দান। আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায় দুই হাত তুলে মোনাজাতে শরিক হন মুসল্লিরা। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পুরো ময়দানজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। এমনকি বাসাবাড়ি ও যানবাহনে বসেও মোনাজাতে শরিক হন মুসল্লিরা। সড়কে যানজটে আটকে থাকা যাত্রীরাও নিজ নিজ অবস্থান থেকে হাত তুলে দোয়া করেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই নীলফামারীসহ আশপাশের বিভিন্ন উপজেলা এবং দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মুসল্লিদের উপস্থিতি। একপর্যায়ে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও মানুষের অবস্থান দেখা যায়।
মোনাজাতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। লাখো মুসল্লির সম্মিলিত ‘আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা।
মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, মানুষের সুখ-শান্তি এবং ব্যক্তিগত জীবনের সব গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা।
ভোরের আকাশ/ এনউব