ডোবায় মিলল সরকারি ওষুধের স্তূপ, ইসলামপুরে চাঞ্চল্য

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ডোবায় ভাসতে দেখা যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় এসব ওষুধ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। কেউ মোবাইল ফোনে ছবি ধারণ করেন, আবার কেউ ক্ষোভ প্রকাশ করেন। ডোবাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ট্যাবলেট, সিরাপ ও ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের সরকারি সরবরাহের ওষুধ।
স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, “ক্লিনিক বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। অনেক দূর থেকে হেঁটে এসে ওষুধ না পেয়ে ফিরে যেতে হয়েছে। অথচ সেই ওষুধই এখন ডোবায় পড়ে আছে।”
আরেক বাসিন্দা রেনু বেগম বলেন, “ক্লিনিকে গেলে প্রায়ই বলা হয় ওষুধ নেই বা সরকার দেয় না। তাহলে এত ওষুধ এলো কোথা থেকে? এগুলো পেলে গরিব মানুষ উপকৃত হতো।”
এলাকাবাসীর অভিযোগ, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরা নিয়মিত উপস্থিত থাকেন না এবং রোগীদের যথাযথভাবে ওষুধ সরবরাহ করা হয় না। অনেকের ধারণা, দীর্ঘদিন ধরে জমে থাকা মেয়াদোত্তীর্ণ বা অব্যবহৃত ওষুধই পরে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, “আমি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এসব ওষুধের বিষয়ে আমার কোনো ধারণা নেই। এখানে আরও দুজন কর্মী দায়িত্বে আছেন।”
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম. আবু তাহের বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। সত্যতা পাওয়া গেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/নি