নারায়ণগঞ্জে পাট কারখানায় দুর্ধর্ষ চুরি

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার একটি পাটের ফ্যাক্টরিতে তালা কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা প্রায় আট লক্ষ পয়তাল্লিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত সময়ের মধ্যবর্তী কোন একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল ইসলাম (৩৮) নামের অভিযোগকারী নারায়ণগঞ্জ শহরের কিল্লার পুলের বাসিন্দা। তাঁর পিতার মালিকানাধীন মেসার্স বুলবুল ট্রেডার্স নামের এই পাটের ফ্যাক্টরি নবীগঞ্জ ২৬৪/১ উইলসন রোড এলাকায় অবস্থিত। অভিযোগকারী জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় স্ট্যাফ নুর হোসেনসহ আরো কয়েকজন কর্মচারী কাজ শেষে ফ্যাক্টরি বন্ধ করে চলে যান।
পরদিন শনিবার (২৯ নভেম্বর) সকাল অনুমান ০৮.০০ ঘটিকায় ফ্যাক্টরিতে এসে পশ্চিম পাশের গেট কাটা অবস্থায় সন্দেহ হলে তিনি স্ট্যাফদের সাথে ভিতরে ঢুকে দেখেন, অফিসের একাধিক স্থানে চুরি হয়েছে। অফিসে থাকা একটি ল্যাপটপ (প্রায় ৮০ হাজার টাকা), একটি সিসি ক্যামেরার মনিটর (৩০ হাজার টাকা), একটি আইপিএস (৩৫ হাজার টাকা), সিসি ক্যামেরার ডিবিআর বক্স (৩০ হাজার টাকা), ক্যামেরার অন্যান্য সরঞ্জামসহ দুইটি সিসি ক্যামেরা (৭০ হাজার টাকা), পাট কাটার মেশিনের পাঁচ সেট ব্লেড (মোট আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা), মেশিনারিজের কেবল (১ লাখ টাকা), দুইটি মোটর, একটি হুইজ পাম্প মোটর (১ লাখ টাকা) এবং বিভিন্ন যন্ত্রাংশসহ আরও প্রায় ৫০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।
চুরিকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় আট লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা। অভিযোগকারী জানান, চোরেরা ফ্যাক্টরির মোট সাতটি তালা কেটে ভিতরে প্রবেশ করে মালামালগুলো সরিয়ে নিয়ে গেছে। বিষয়টি প্রথমে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় বন্দর থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/জাআ