পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পতেঙ্গা থানার চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় নজরদারি চালানোর সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে কিছু পণ্য খালাসের তথ্য পায়। পরে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং প্রায় ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে আনা হয়েছিল।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ফলে তাদের আটক করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পরিবহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমুদ্রপথ ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য দেশের বাজারে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
জব্দ করা মদ ও সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ভোরের আকাশ/ র.ই