ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণের আয়োজন করেছে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের চাকরির খবরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
সংগঠনের সভাপতি মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এনাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হৃদয় আহমদ শিমুল, মহিলা সম্পাদিকা হ্যাপী জান্নাত, সদস্য হাসান মোহাম্মদ বদরুল, মো. দুলাল আহমদ, মেহেদী হাসান রাতুল, জাইনুল হুসেন সোহাগ, শিবলুর রহমান রাহুল, আল-আমিনসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যরা।
ভ্রমণকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের তীব্র পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি দেয়। পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব ভবিষ্যতেও সদস্যদের কল্যাণ ও বিনোদনের জন্য এ ধরনের সামাজিক ও প্রীতি আয়োজন অব্যাহত রাখবে।
অংশগ্রহণকারীরা বলেন, সাদাপাথরের মনোরম পরিবেশে আয়োজিত এ আনন্দ ভ্রমণ প্রেসক্লাব সদস্যদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রবাস থেকে এ আনন্দ ভ্রমণ সফল করতে সার্বিক সহযোগিতা করেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আমেরিকাপ্রবাসী জাহিদ খান এবং যুক্তরাজ্যপ্রবাসী (লন্ডন) সংগঠনের সহ-সভাপতি ও জনতা টিভির চেয়ারম্যান আহমদ আল আনছার।
দিনব্যাপী এ ভ্রমণে সাংবাদিকরা সীমান্তঘেঁষা পাহাড়, স্বচ্ছ পানির ধারা ও পাথরঘেরা সাদাপাথরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। কর্মব্যস্ততার বাইরে এসে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ ও ছবি তোলার মধ্য দিয়ে দিনটিকে আনন্দমুখর করে তোলেন।
ভোরের আকাশ/সু.পা