লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) দুপুরে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী দুই ভাই জাহিদুর রহমান ও ওহিদুর রহমান জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় তাদের বসতঘরসহ শ্রেষ্ঠা-শাকিরা বিজ্ঞান ক্লাব ভাঙচুর করা হয়েছে। টিনের চালা, বেড়া ও বৈদ্যুতিক বোর্ড ভেঙ্গে ফেলে লোহাগড়া মৌজার ৩৫৪ দাগের প্রায় ৯ শতক জমি জোরপূর্বক দখলচেষ্টা করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তাদের পৈতৃক সম্পত্তি এখনো আইনানুযায়ী বণ্টকনামা বা বাটোয়ারা করা হয়নি। কিন্তু অভিযুক্ত লিয়াকত হোসেন লিকু, তাহানূরসহ তিনজন সম্পূর্ণ অন্যায় ভাবে বায়নাপত্রের অজুহাতে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করেন। বেআইনি ভাবে, বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভেঙে দিয়েছেন তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী দুই ভাই জাহিদুর ও ওহিদুর রহমান।
জমির লিজ গ্রহীতা ইকরাম শেখ জানান, গত মঙ্গলবার (৩০ জুন) ৩-৪জন লোক এসে জমির পশ্চিম-উত্তর কর্ণারে অবস্থিত বিজ্ঞান ক্লাবে আচমকা ভাংচুর করে ও ভেঙ্গে ফেলে।ক্লাবের পাশে অবস্থিত গাছ-গাছালিরও ক্ষতি সাধন করে।এ সময় তারা জমি নিজেদের দখলে নেয়ার চেষ্টা চালায়।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্তপক্ষের লিয়াকত হোসেন লিকু দাবি করে বলেন, এই জমির মালিক জাহিদুর ও ওহিদুর নয়। জমির মালিক ওনাদের বোন সেলিনা খানম। সেই বোনের কাছ থেকে আমরা জমি ক্রয়ের জন্য বায়নাপত্র করেছি।আমরা কারোর জমি জোরপূর্বক দখল করতে যাইনি। অথচ, তারা থানায় অভিযোগ দিয়েছেন।
জমি বিক্রেতা সেলিনা খানম জানান পৈত্রিক সূত্রে পাওয়া জমি আমি বিক্রির জন্য বায়না করেছি।জমি বিক্রিতে আমার দুইভাই জাহিদুর ও ওহিদুর বাঁধা প্রদান করে চলেছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, কোনো পক্ষকে তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ইউএম