চাঁদপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ১

চাঁদপুরের মতলব উত্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল হাসেম (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব ক্বারি বিষয়টি নিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এরপর স্থানীয় লোকজন আবুল হাসেমকে তার বাড়ি থেকে ধরে এনে মারধর করেন বলে জানা গেছে।
খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ স্থানীয় লোকজনের হাত থেকে আবুল হাসেমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব ক্বারি অভিযোগকারী হিসেবে পুলিশের সঙ্গে থানায় যান।
স্থানীয় বাসিন্দা সাইফুল, মনির হোসেন, জাহিদ ও সালাম প্রধান জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার দাবি করেন।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কথিত কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ভোরের আকাশ/ইউএম