ঘোড়াঘাটে যৌথ অভিযানে কষ্টিপাথর ও শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের কষ্টিপাথর, বেলেপাথর ও শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবিচ্ছিন্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব নিদর্শন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত স্থানীয় সূত্রের মাধ্যমে ওই এলাকায় কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের নিদর্শন মজুত থাকার তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি টহল দল (দুই নারী সৈনিকসহ) এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের খণ্ডাংশ, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর মোট ওজন ১৩০ কেজি। এগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
আটক মো. মোমিন ইসলাম (৪৪) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুর রইস উদ্দিন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির মেডিকেল পরীক্ষা শেষে সনদ সংগ্রহ করে তাঁকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার করা পাথরের নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হবে। সেখান থেকে যাচাই সনদ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা