ওসির মানবিক উদ্যোগে নতুন করে সংসার গড়ার প্রত্যয় দম্পতির

চাঁদপুরের কচুয়ায় পারিবারিক বিরোধে ভেঙে যাওয়ার উপক্রম হওয়া এক দম্পতির সংসার জোড়া লাগাতে মানবিক উদ্যোগ নিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। তার উদ্যোগে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে সমঝোতা হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কচুয়া থানায় উভয় পক্ষের বক্তব্য শুনে এ উদ্যোগ নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাস আগে ভালোবেসে রাব্বিকে বিয়ে করেন নওমুসলিম রিয়া। রাব্বি কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহর ছেলে। বিয়ের পর আর্থিক সচ্ছলতা ফেরাতে রিয়াকে রেখে প্রবাসে পাড়ি জমান রাব্বি। এরই মধ্যে রাব্বির মা ও চাচার যোগসাজশে রিয়াকে না জানিয়ে তাঁকে তালাক দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নজরে আসে। পরে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, রাব্বির মা, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। এর ধারাবাহিকতায় রিয়া ও তাঁর শাশুড়িকে থানায় ডেকে তাঁদের বক্তব্য শোনেন।
পরে উভয় পক্ষের বক্তব্য ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ সময় তাঁরা সম্পর্ক বিচ্ছিন্ন না করে ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত ব্যক্তিদের সামনে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে ওসির কাছে দোয়া চান রিয়া।
রিয়া আক্তার বলেন, একজন মানবিক ওসির উদ্যোগে আমাদের ভেঙে যাওয়া সংসার জোড়া লেগেছে। আমি আবার নতুন একটি জীবন ফিরে পেয়েছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, একটি মানবিক কাজ করতে পেরে খুব আনন্দ বোধ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া করি, তারা যেন সুখী হয়।
ওসির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে আলোচনা চলছে। তাঁদের প্রত্যাশা, পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে দম্পতি নতুন করে সুখী জীবন গড়ে তুলবেন।
ভোরের আকাশ/আ.র