ঝাউবাগান ধ্বংসের অভিযোগে পরিদর্শনে প্রশাসনের যৌথ টিম

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান ধ্বংসের অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা সমালোচনার মধ্যে বিচ কার্নিভাল এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের একটি যৌথ প্রতিনিধি দল। পরিদর্শনকালে ঝাউগাছ কাটার কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কিছু গাছের আগা ও ডালপালা ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ যৌথ পরিদর্শনে অংশ নেন জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা।
পরিদর্শনকালে বিচ কার্নিভালের আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখেন কর্মকর্তারা। এ সময় ঝাউগাছ কেটে ফেলার কোনো দৃশ্যমান আলামত তাঁদের চোখে পড়েনি বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে সিভিল এভিয়েশনের অ্যারোড্রাম কর্মকর্তা শিমুল গণি বলেন, শীত মৌসুম শুরু হওয়ায় বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কিছু গাছের আগা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।
বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত গাছ অপসারণের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে নতুন করে ঝাউগাছ কাটার কোনো দৃশ্যমান প্রমাণ পরিদর্শনে পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান বলেন, পর্যটন করপোরেশনের সংশ্লিষ্ট এলাকাটি তাঁদের পরিবেশগত ছাড়পত্রভুক্ত (ইসিআই) এলাকার অন্তর্ভুক্ত নয়। পরিদর্শনে পরিবেশের কোনো ধরনের বিপর্যয়ের আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, সকালে যৌথ টিমের সদস্যরা বিচ কার্নিভালের চারপাশ ঘুরে দেখেছেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমান ওঠানামার নিরাপত্তার স্বার্থে কিছু গাছের আগা ও ডালপালা ছাঁটাই করেছে। এতে পরিবেশগত কোনো ক্ষতি হয়েছে বলে তাঁদের কাছে প্রতীয়মান হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যমকর্মী ও বিচ কার্নিভাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বিচ কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে সমুদ্রসৈকতের ঝাউবাগান ধ্বংসের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিস্থিতি দেখতে প্রশাসনের এ যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/ এনউব