শ্রীপুরে সন্ত্রাস নৈরাজ্য ও আওয়ামী যড়যন্ত্রের প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস নৈরাজ্য ও আওয়ামী যড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌর শহরের সড়কে বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে শ্রীপুর রেলওয়ে স্টেশনে পথসভা করেন উপজেলা বিএনপির একাংশ।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাজীপুর জেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মো. আতাউর রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম রুহুল আমিন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বিএনপির নেতাকর্মীরা বলেন, সদ্য ঘোষিত আটটি ইউনিয়ন কমিটিতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের পদায়ন করা হয়নি। নব্য বিএনপি এবং আ. লীগের লোকজন দিয়ে ইউনিয়ন কমিটি করা হয়েছে। আমরা এই অবৈধ কমিটি মানি না।
এসময় তারা দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন কমিটিগুলো বাতিল করে পুনর্গঠনের দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী দেন৷তারা বলেন, দলের প্রয়োজনে ১৭ বছর যেসকল নেতাকর্মী ত্যাগ স্বীকার জেল-জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে তাদেরকে মূলায়ন করা হয়নি।
এসময় আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান টিটু, জেলা মহিলা দলের সাবেক সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না, মক্কা নগরী বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।
উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখ একযোগে উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব ও খাইরুল কবির মন্ডল আজাদ মন্ডলের স্বাক্ষরিত আটটি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপি। এরপর থেকেই পদ বঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আজ সন্ত্রাস নৈরাজ্য ও আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পদ বঞ্চিত নেতাকর্মীদের বক্তব্যে তা স্পষ্ট হয়।
ভোরের আকাশ/জাআ