বেড়ায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুতিমূলক সভা

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পাবনার বেড়া উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন বেড়া উপজেলার নদীসীমায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ আহরণ বন্ধ রাখতে কঠোরভাবে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
সভায় জানানো হয়, নিষেধাজ্ঞা কার্যকর করতে যমুনা ও পদ্মা নদীবেষ্টিত বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিন-রাত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন অভিযানের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, নিষেধাজ্ঞা চলাকালে তালিকাভুক্ত সুফলভোগী জেলেদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ নিশ্চিত করা হবে। এতে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে।
তিনি একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সমিতির নেতাদের নিষেধাজ্ঞার বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং অভিযান সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা ও নৌ-পুলিশের প্রতিনিধি, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ