খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মদ-ইয়াবা ধ্বংস

খাগড়াছড়ির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি সিগারেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর বাস্কেটবল গ্রাউন্ডে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গুইমারা সেক্টরের আওতাধীন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইয়াবা ও বিদেশি সিগারেট জব্দ করা হয়।
দীর্ঘ সময়ে জব্দ করা এসব অবৈধ মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বুধবার আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান।
এ সময় রামগড়, খেদাছড়া ও যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। ধ্বংসের মাধ্যমে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যের আইনানুগ নিষ্পত্তি করা হলো।
ভোরের আকাশ/ এনউব