সোনারগাঁয়ে বিএনপি নেতা মাসুমকে নিয়ে অপপ্রচারে বিক্ষোভ

সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমকে লক্ষ্য করে আওয়ামী লীগ সমর্থিত একটি সন্ত্রাসী চক্রের ধারাবাহিক অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সাদিপুর ইউনিয়নে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও মহিলা দলের নেত্রীবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বেলপাড়া মোড় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে নানাখী ঈদগাহ ময়দানে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মাসুম ভূঁইয়ার মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা মনে করেন, এসব অপপ্রচার সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যকে নষ্ট করার উদ্দেশ্যে তা করা হচ্ছে। বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, স্থানীয় জনসম্পৃক্ততার কারণে মাসুম ভূঁইয়া বিএনপির তৃণমূল পর্যায়ে জনপ্রিয় হওয়ায় প্রতিপক্ষ মহল তাকে টার্গেট করেছে।
মিছিল শুরুর আগে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জনগণের নেতা মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে যদি মিথ্যা তথ্য বা অপবাদ ছড়ানো হয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। তিনি বলেন, একটি সংগঠনের সক্রিয় ও জনপ্রিয় নেতাকে পরিকল্পিতভাবে হেয় প্রচারের চেষ্টা জনগণ কখনোই সহ্য করবে না এবং তৃণমূল নেতাকর্মীরা এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আল আমিন শাহ, কোষাধ্যক্ষ মাসুম মোল্লা, ৮নং ওয়ার্ড সভাপতি শামসুল আলম শামসু, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা সবাই ঐক্যবদ্ধভাবে হুঁশিয়ারি দেন যে কোনো মিথ্যা প্রচারণা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজন হলে বড় পরিসরের আন্দোলন ডাকা হবে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারের নেতৃত্বে কিছু আওয়ামী দালাল সন্ত্রাসী চক্র মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে এবং ঝাড়ু মিছিল বের করে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাদিপুর ইউনিয়ন বিএনপির তৃণমূলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। বক্তারা বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে জনপ্রিয় নেতাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা কখনোই সফল হবে না এবং জনগণ এর কঠোর জবাব দেবে।
স্থানীয়দের দাবি, কামরুজ্জামান ভূঁইয়া মাসুম দীর্ঘদিন ধরে সাদিপুর ইউনিয়নে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণ ও নেতৃত্ব সবসময়ই দৃশ্যমান। এজন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, মানুষ এখন সচেতন, তাই মিথ্যে প্রচারণা ছড়িয়ে কাউকে অসম্মান করার দিন শেষ হয়ে গেছে। যারা অপপ্রচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে মিছিল থেকে।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
ভোরের আকাশ/মো.আ.