হামের ফ্রি আইসিইউ সেবার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ

দেশে উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তার এবং শিশুমৃত্যু বৃদ্ধির প্রতিবাদে হাম মহামারিকে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা ও সকল সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ মে) সকাল ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে এ সমাবেশের আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, মাগুরা জেলা শাখা। সংগঠনের জেলা সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে এবং সংগঠক আসানূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি এবং চিকিৎসা খাতে অব্যবস্থাপনার কারণে দেশে হাম মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। তাদের দাবি, ইতোমধ্যে দেশে ৪৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে।
সমাবেশ থেকে হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, মাগুরা সদর হাসপাতাল আড়াইশো শয্যার হলেও সেখানে এখনো কোনো আইসিইউ সুবিধা নেই। ফলে জেলায় পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দ্রুত মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানান তারা।
ভোরের আকাশ/এনউব