ফরিদপুরে শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়া আর নেই

ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া আর নেই।
আজ বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছয় নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া ফরিদপুরের মানুষের কাছে অত্যন্ত প্রিয়ভাজন, সদালাপী ও হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিএনপির প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
বুধবার বাদ আছর শহরের গোপালপুর এলাকায় তার নিজ বাসভবনের পাশে বায়তুল মামুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভোরের আকাশ/রই