মহেশখালী
পান বরজে রাসায়নিক স্প্রে দিয়ে পান নষ্ট, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ইউনুসখালী এলাকায় পূর্বশত্রুতার জেরে এক পানচাষীর বরজে রাসায়নিক দ্রব্য স্প্রে করে ব্যাপক ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পানচাষী মো. মাসুদ জানান, তিনি স্থানীয় নুরুল আলম বহদ্দারের কাছ থেকে বর্গা নিয়ে ও কিস্তি ভিত্তিতে জমিতে পান বরজ রোপণ করেন। কিন্তু গত শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁর ২০ বার পান বরজে রাসায়নিক দ্রব্য স্প্রে করে পানের চারা ও পাতা সম্পূর্ণ নষ্ট করে ফেলে। এতে তাঁর কয়েক মাসের পরিশ্রম এবং প্রায় তিন লক্ষ টাকা বিনিয়োগের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মাসুদ আরও জানান, সম্প্রতি জমি নিয়ে কিছু স্থানীয় ব্যক্তির সঙ্গে জমিদার পক্ষের বিরোধ চলছিল। তবে চাষি হিসেবে তার কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকলেও বরজে এ ধরনের নাশকতা অত্যন্ত অমানবিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় গ্রামবাসীরাও বলেন, পান চাষ মহেশখালীর অনেক পরিবারের প্রধান আয়ের উৎস। এমন নাশকতা শুধু একজন চাষির ক্ষতি নয়, পুরো এলাকার কৃষি অর্থনীতির জন্য হুমকি।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি স্থানীয়ভাবে খতিয়ে দেখা হবে।
ভোরের আকাশ/মো.আ.