সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সাগর থেকে আবারো জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে তুলে নিয়ে গেছে তারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাগরে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে অন্তত ৪০ জন জেলে ও ৫টি ট্রলার ধরে নিয়ে যায়। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগরে মাছ ধরার সময় ৫টি ট্রলারসহ জেলেদের মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি। এ ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
স্থানীয় এক জেলে জানান, সেন্টমার্টিনের পূর্ব সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার পানিসীমা থেকে একটি স্পিডবোট এসে জেলেদের ধাওয়া করে। পরে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে বাংলাদেশ পানিসীমায় প্রবেশ করে পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায়। এসব ট্রলারে অন্তত ৪০ জন জেলে ছিলেন।
টেকনাফ খাইয়ুক খালী ঘাটের ট্রলার মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন বলেন, সাগরে মাছ শিকারের সময় জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে গেছে। এদের মধ্যে টেকনাফ ঘাটের তিনটি এবং শাহপরীর দ্বীপ ঘাটের দুটি ট্রলার রয়েছে। তবে এসব ট্রলারের মালিকদের এখনো শনাক্ত করা যায়নি।
ইতোপূর্বে গত ২৩ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত নয়টি ট্রলারসহ ৬৪ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ সকল জেলেদের নিরাপদে ফেরাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ট্রলার মালিক সমিতি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিন সাগর থেকে ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ