চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ভোলাহাট-কানসাট সড়কের ফতেপুর খাসপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, সকালে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাট যাচ্ছিলেন। এ সময় ফতেপুর খাসপাড়া মোড়ে পৌঁছালে ব্রেক করে পড়ে যায়, ঠিক সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলের আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন আলী।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
ভোরের আকাশ/র.ই