নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ কমিটির সভা

নড়াইলে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যে জেলা সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আরিফুর রহমান, সদর উপজেলা গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আহসান কবীর, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো: আব্দুল মান্নানসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় মোট ৫ হাজার ২৮৪ মেট্রিক টন বোরো ধান এবং ৫ হাজার ১২ মেট্রিক টন সিদ্ধ চাল,২শ’ মেট্রিক টন আতপ চাল ও ৩৪০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে আগামি ৩১ আগস্ট-২০২৬ তারিখের মধ্যে এই সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে সরাসরি এই সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’ স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার টি.এম . রাহসিন কবির বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের সুযোগ দেয়া হবে না। কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত উৎপাদকদের কাছ থেকেই ধান, চাল ও গম সংগ্রহ নিশ্চিত করা হবে।’# (ছবি সংযুক্ত)