কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী

কৃষির উন্নয়ন হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে আগামী দিনে কৃষিপণ্যকে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, এ সরকার তা-ই করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। আগামী দিনে বাংলাদেশের কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।’ তিনি বলেন, ‘এটাই সরকারের প্রতিজ্ঞা। আগামী দিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং দেশের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস ও ব্যাংক হিসাবে সাড়ে ৩৫০ টাকা পাওয়া গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। যে নেতার রাজনীতি করা হয়, তাঁর চরিত্রের সঙ্গে নিজের চরিত্রের কতটা মিল রয়েছে, সেটিও প্রত্যেক নেতাকর্মীকে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, ‘মুখের কথা, অন্তরের কথা ও মাথার চিন্তা যেন এক হয়। তাহলে দেশ সুন্দর হবে, সরকার প্রশংসিত হবে। জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে।’
আগামী প্রজন্মকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নতুন প্রজন্ম অনেক সচেতন। তারা নেতাদের কথা ও কাজের বাস্তব প্রতিফলন দেখতে চায়। তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সবার পবিত্র দায়িত্ব।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
ভোরের আকাশ/সু.পা