নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: জামাল উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ।স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্কুলের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, আজকের কন্যা শিশুরা সর্বত্র নিরাপদ থাকবে এটাই আমাদের প্রত্যাশা। নারী-পুরুষ বিভেদ সৃষ্টি করা যাবে না। নারী ও শিশুর প্রতি সংহিসতা রোধসহ কোন ধরণের অন্যায়-অবিচার যেন না হয়, সে বিষয়টি সব সময় বিবেচনায় রাখতে হবে।উন্নত দেশ গড়ার কল্যাণে শিশুদেরকে স্বপ্ন দেখাতে হবে। প্রতিটি কাজে ছেলে শিশুর মত আমাদের কন্যা শিশুরও সমান অধিকার রয়েছে। তাদের প্রতি কোন ধরণের বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
বাল্যবিবাহ কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। বাল্যবিবাহের কারণেই কন্যা শিশুরা তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। বাল্যবিবাহ রোধসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
ভোরের আকাশ/সু.পা