আনসারের তৎপরতায় নস্যাৎ চুরির চেষ্টা, আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লিনা পেপার মিলস লিমিটেডে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অভিযানে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
আনসার সূত্রে জানা যায়, সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানটিতে একটি সংঘবদ্ধ চোরচক্র একাধিকবার চুরির চেষ্টা চালায়। বিষয়টি জানার পর রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ক্যাম্প ইনচার্জ ও দায়িত্বরত আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে পরিচালিত অভিযানে বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি লোহা/রড, একটি প্রিন্টার, দুটি ডিজাইন লাইট এবং একটি সার্ভে স্ট্যান্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি ও দুটি শাবলও জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ। পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মালামাল, জব্দকৃত আলামত এবং একটি অটোরিকশাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
লিনা পেপার মিলস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের দ্রুত, সাহসী ও পেশাদার পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তাদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং জেলা কমান্ড্যান্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা একই ধরনের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
ভোরের আকাশ/জেআ