টেকনাফে নাফ নদীর তীরে মিলল ৫০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরবর্তী এলাকা থেকে বিশেষ অভিযানে কাদামাটির নিচে লুকানো ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ পোস্ট থেকে প্রায় ৫০০ গজ উত্তর-পূর্বে নতুন সুইচগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নতুন সুইচগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল দ্রুত ওই এলাকার বাঁধ ও কেওড়া বাগানে অবস্থান নেয়।
এ সময় কয়েকজন মাদককারবারির সন্দেহজনক চলাফেরা নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পাশের গ্রামীণ এলাকায় পালিয়ে যায়। পরে নদীর তীরসংলগ্ন কেওড়া জঙ্গলে দীর্ঘ তল্লাশির পর কাদামাটির নিচে বিশেষ কৌশলে লুকানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, পালিয়ে যাওয়া অজ্ঞাত মাদককারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ