জামালপুরে দুইজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

জামালপুরের বহুল আলোচিত একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। প্রায় ১৭ বছর পর দেওয়া এ রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মোতালেব হোসেন ও মো. রশিদ জামাল। এছাড়া একই মামলায় আব্দুল লতিফ, সুরুজ মিয়া এবং আব্দুল হামেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খোরশেদ আলমকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২২ মে সন্ধ্যায় অভিযুক্তরা সবুজপুর এলাকায় ভুক্তভোগী আক্তার হোসেন আবেদীনের বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মাধ্যমে দেখা করার বার্তা দেন। পরে রাতের খাবার শেষে আবেদীন তাদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হলে সবুজপুর দাখিল মাদ্রাসা মাঠের পাশে তাকে ঘিরে ফেলে হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, প্রধান আসামি মোতালেব হোসেনের নির্দেশে অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আবেদীনের পেটে আঘাত করে, যা শরীর ভেদ করে পিঠ পর্যন্ত পৌঁছে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করে।
ভোরের আকাশ/ র.ই