টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে

টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে রায়হান নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকালের দিকে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা মোসাম্মৎ হাফিজা আক্তার (২০) দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চার মাসে শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জার ডা. শাওন বিন রহমান।
তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী থেকে শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
ভোরের আকাশ/এসএইচ