নওগাঁয় ১২৬টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে তাদের ফোনগুলো তুলে দেন। দীর্ঘদিন পর নিজের হারানো ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, নওগাঁর বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর প্রেক্ষিতে করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে জেলা পুলিশের আইসিটি শাখার একটি বিশেষ টিম নিয়মিত কাজ করে আসছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যস্ততা সত্ত্বেও আমরা মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সব ফোন উদ্ধার করা সবসময় সম্ভব না হলেও পুলিশের আইসিটি টিম এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে এবং আগামীতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ